নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার ২৫ আগষ্ট ২০২২ঃ

আজ দুপুরেই তৃণমূল কংগ্রেসের জেলার ব্লক সভাপতি সহ আরো পদাধিকারীদের তালিকা প্রকাশ করা হয়। বিগত বেশ কয়েকদিন যাবৎ গোটা বলরামপুর ব্লক জুড়ে রাজনৈতিক পরিসরে এ নিয়ে ছিল তুমুল উৎসাহ ও জল্পনা। সব জল্পনার অবসান হল এদিন দুপুরে। বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি হলেন দড়দা অঞ্চলের কদমডি গ্রামের বাসিন্দা ধনঞ্জয় মুর্মু । পেশায় শিক্ষক ধনঞ্জয় বাবু দায়িত্বের কথা জানতে পেরে এদিন দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দল যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। নতুন, পুরনো সহ দলের সর্বস্তরের কর্মীদের একসাথে নিয়ে চলার বার্তাও এদিন দেন নব নির্বাচিত তৃণমূল ব্লক সভাপতি। অন্যদিকে এলাকার মানুষকে দলের সভাপতি হিসেবে পেয়ে দ্বিগুণ উৎসাহে এদিন মেতে ওঠেন দড়দা অঞ্চলের দলীয় কর্মীরা। এদিন এই খবর জানাজানি হতেই কর্মীদের সঙ্গে নিয়ে কদমডিতে ধনঞ্জয় বাবুর বাড়িতে পৌঁছে যান দড়দা অঞ্চলের দলীয় নেতৃত্ব। অঞ্চল সভাপতি ভবতারণ মাহাত এদিন জানান, ধনঞ্জয় বাবু ব্লকের দলীয় সভাপতি হয়েছেন, এখবর পেতেই গোটা অঞ্চলের কর্মীদের মধ্যে উৎসাহ দ্বিগুণ হয়েছে। তিনি আরো বলেন, অঞ্চলের কর্মীদের নিয়ে আমরা নবনির্বাচিত ব্লক সভাপতিকে এদিন তাঁর বাড়িতে এসে অভিনন্দন জানানোর পাশাপাশি মিষ্টি মুখ করিয়ে গেলাম।

শেয়ার করুন

You cannot copy content of this page