নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ২৫ আগষ্ট ২০২২ঃ
কৃষি জমি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুঞ্চা থানার রতনডি এলাকায়। বৃহস্পতিবার সকালে আচমকাই স্থানীয় মানুষজনদের নজরে আসে ওই গ্রামেরই বাসিন্দা সুনীল বাস্কে (৪৫) অচৈতন্য অবস্থায় কৃষি জমির উপর পড়ে রয়েছেন। গ্রামবাসীরা পুঞ্চা থানায় খবর দিলে পুলিশ সুনিল বাস্কের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানতে পারা যায়, ওই ব্যক্তি বুধবার কৃষি জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। রাত্রে খোঁজাখুঁজি করলেও তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে সুনিল বাস্কের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজনদের মধ্যে। পুঞ্চা থানা সূত্রে খবর, দেহটি এদিনই ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
শেয়ার করুন