নিজস্ব সংবাদদাতা, হুড়া, শুক্রবার, ২৬ আগষ্ট ২০২২ঃ

নিজস্ব সংবাদদাতা, হুড়া, শুক্রবার, ২৬ আগষ্ট ২০২২ঃ দীর্ঘ প্রায় ৪/৫ বছর ধরে চরম বেহাল দশা রাস্তার। গ্রামবাসীদের দাবি, “গরুর গাড়িও যাবে না রাস্তা দিয়ে”। ২০২০ সালে রাজ্য সরকারের “পথশ্রী” প্রকল্পে এক কোটি টাকারও অধিক অনুমোদন করা হয় সাড়ে তিন কিমি রাস্তাটির নতুন করে নির্মাণে। কাশীপুরের তৎকালীন বিধায়ক স্বপন বেলথরিয়া নিজে রাস্তার কাজের উদ্বোধনও করেন ঘটা করে। কিন্তু মাত্র তিনশো মিটারের মত রাস্তা নির্মাণের কাজ হওয়ার পরই তা বন্ধ হয়ে যায়। আজ সকালে সেই অসম্পূর্ণ কাজ যথাযথ সম্পূর্ণ করার দাবিতে দুটি গ্রামের বাসিন্দারা পুরুলিয়া-বাঁকুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে হুড়ার বিডিও ও হুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন।

প্রসঙ্গত, হুড়া ব্লকের বিশপুরিয়ার অন্তর্গত রামপুর গ্রাম থেকে বড়শ্যামপুর পর্যন্ত সাড়ে তিন কিমি রাস্তা নতুন করে নির্মাণের জন্য ২০২০ সালে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে এক কোটি টাকার অধিক তহবিল অনুমোদন করে সরকার। রামপুর গ্রামের লাল্টু খাঁ, সন্টু খাঁ কিংবা বড়শ্যামপুরের ভোলানাথ মন্ডলরা এদিন জানান, দীর্ঘ প্রায় ৪/৫ বছর ধরে এই রাস্তার চরম বেহাল দশা। গরুর গাড়িও ঠিকমত যেতে পারে না। রামপুরের অতনু খাঁ, বড়শ্যামপুরের আশিস মন্ডল বলেন, স্থানীয় প্রায় ১৯ থেকে ২০ টি গ্রামের মানুষ রঘুনাথপুর, আদ্রা কিংবা কাশীপুর যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন। দীর্ঘ সময় ধরেই রাস্তাটির নতুনভাবে নির্মাণের দাবি তাঁদের বলেও গ্রামবাসীরা জানান এদিন। অতনু খাঁ, আশিস মন্ডল বলেন, ২০২০ সালে পথশ্রী প্রকল্পে রাস্তার নির্মাণ কাজও শুরু হয়। কাশীপুরের তৎকালীন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া নিজে রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করেন ঘটা করে। কিন্তু তিনশো মিটারের মত রাস্তার কাজ হওয়ার পরই সেকাজ বন্ধ হয়ে যায় বলে এদিন দাবি করেন বিক্ষোভকারীরা। এদিন বিক্ষোভকারীদের বক্তব্য, বারবার প্রশাসনের প্রতিশ্রুতির পরও কাজ না হওয়ায় এদিন তাঁরা বাধ্য হয়েই পথ অবরোধ করেন। এদিন শ্যামপুর মোড়ের কাছে পুরুলিয়া-বাঁকুড়া সড়কের উপর ওই দুই গ্রামের বাসিন্দারা প্রায় সাড়ে তিন ঘন্টা পথ অবরোধ করলে রীতিমত যানজটের পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন হুড়া ব্লকের বিডিও ও পুলিশ বাহিনী সহ হুড়া থানার ওসি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page