নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ঃ
বকেয়া বিদ্যুৎ বিল। তাই বিভাগের ঠিকা শ্রমিকরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাঁদের শারিরীক ও মানসিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠল মানবাজারে। গতকাল, সোমবার বিভাগের মানবাজার গ্রাহক পরিষেবা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মানবাজার থানার অন্তর্গত চেপুয়ার বাসিন্দা জয়রাম মাহাতর বিরুদ্ধে। জানা গিয়েছে, ৫ হাজার টাকা বা তার অধিক বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এমন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় বিভাগের মানবাজার গ্রাহক পরিষেবা কেন্দ্র। সিদ্ধান্ত মত শনিবার বিভাগের ঠিকা শ্রমিকরা সেই সমস্ত গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছিলেন। বিভাগের পক্ষে দাবি, চেপুয়ার বাসিন্দা জয়রাম মাহাতর ৫ হাজার ৪৫১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তাই তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিভাগের ঠিকা শ্রমিকদের শারিরীক ও মানসিকভাবে ভীষণ হেনস্থা করা হয় বলে অভিযোগ। গতকাল ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মানবাজার বিদ্যুৎ বিভাগের মানবাজার গ্রাহক পরিষেবা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক স্বরূপ মন্ডল।
শেয়ার করুন