নিজস্ব সংবাদদাতা, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ

মাত্র ৭২ ঘন্টার মধ্যেই পুরুলিয়া শহরের এ টি এম লুঠ কান্ডে দুজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ। এমনকি লুঠ হওয়া টাকার ৭৫ শতাংশ উদ্ধারও করে পুলিশ। এদিন সকাল ১১ টা নাগাদ পুরুলিয়া সদর থানায় একটি সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, রাঁচি থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম ওমর আলি ওরফে পাপ্পু, বাড়ি রাঁচির হিন্দপিড়িতে এবং অপর জন নিরজ বার্মা ওরফে গুড্ডুর বাড়ি রাঁচির লোয়ার বাজার রোডে।

প্রসঙ্গত, রবিবার ভোররাতের দিকে পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শোভনা বিবি লেন ও এস এন সরকার রোডের সংযোগস্থলে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে তার মধ্যে থাকা সমস্ত টাকা লুঠ করে দুষ্কৃতিরা। পরদিন সকালে ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। খবর পেয়েই তড়িঘড়ি পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। ছুটে আসেন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগানও। দ্রুত তদন্তকারীদের একটি দল গঠন করে জোর তদন্ত শুরু হয়। ঘটনার তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই লুঠের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে আসে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তিনি এদিন আরো জানান, হাতে আসা তথ্যের ভিত্তিতে বুধবার তদন্তকারীদের একটি দল রাঁচি ছুটে যায়। বুধবারই সেখানে এই দুজনকে গ্রেপ্তারও করা হয়। তাদের কাছ থেকে মোট ২৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরো জানান, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা লুঠ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে এই দুজনের কাছ থেকে লুঠ হওয়া রাশির ৭৫ শতাংশই এদিন উদ্ধার হয়। অবশিষ্ট রাশির জন্যও জোর তল্লাশি চলছে বলে এদিন পুলিশের দাবি। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মূলত সিসি টিভি ফুটেজের ভিত্তিতেই তদন্তের প্রয়োজনীয় তথ্য হাতে আসে। এটিএম লুঠে দুষ্কৃতিরা যে গাড়ি ব্যবহার করেছিল, সেটিকেও ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে বলেও এদিন জানিয়েছে পুলিশ। এদিনই ওই দুই অভিযুক্তকে ১৪ দিনের হেফাজতে চেয়ে জেলা পুলিশ আদালতের দ্বারস্থ হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page