নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ

জেলার বিভিন্ন ব্লকে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে চলছে স্থানীয় স্কুল পড়ুয়াদের নিয়ে যুব সাংসদ প্রতিযোগিতা। একইভাবে বলরামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক কার্যালয়ের একটি কক্ষে বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপি যুব সাংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় ৮ টি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে। আজ, বৃহস্পতিবার, প্রতিযোগিতার শেষ দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিডিও-র উপস্থিতিতেই অনুষ্ঠানের ব্যাবস্থাপনার ঘাটতির প্রসঙ্গ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলরামপুর চন্ডীতলা শিক্ষা নিকেতনের শিক্ষক চন্দ্রকান্ত মন্ডল। ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়ে ব্লক প্রশাসন। পরে বিডিও নিজেও ঘাটতির কথা স্বীকার করে ভবিষ্যতে এবিষয়ে সংশোধনের আশ্বাস দেন।

জানা গিয়েছে, এদিন যুব সাংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুরের বিডিও সহ ব্লক প্রশাসনের অনেকেই। সেখানেই শিক্ষক চন্দ্রকান্ত মন্ডল নিজের বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তা ব্লক প্রশাসনকে কার্যত কাঠগড়ায় দাঁড় করান। তিনি এদিন অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের নিম্ন মানের খাবার দেওয়া হয়েছে বলে সরাসরি অভিযোগ তোলেন। একইসঙ্গে ওই শিক্ষকের বক্তব্য, যুব সাংসদ প্রতিযোগিতার মূল লক্ষ্য স্কুল পড়ুয়া ও সাধারণ নাগরিকদের মধ্যে দেশের সংসদীয় গণতন্ত্র ও সংসদের সব কক্ষ সম্পর্কে সম্যক ধারণা গড়ে তোলা। অথচ দুদিন ধরে ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে একটিমাত্র যে কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, তাতে সাধারণ নাগরিকদের দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় নি বলে চন্দ্রকান্ত মন্ডল এদিন সরাসরি অভিযোগ তোলেন। ব্যবস্থাপনার ঘাটতি প্রসঙ্গে তাঁর বক্তব্যে প্রাথমিকভাবে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় ব্লক প্রশাসনকে। পরে বলরামপুরের বিডিও শুভাশিস ঘোষ অবশ্য নিজের বক্তব্যে ব্যবস্থাপনার ঘাটতির কথা স্বীকার করে জানান, কিছু খামতি এবছর ছিল। একই সঙ্গে এদিন পরের বছরগুলির অনুষ্ঠানে সব ধরনের ঘাটতি সংশোধনেরও আশ্বাস দেন বিডিও।

শেয়ার করুন

You cannot copy content of this page