নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৮ সেপ্টেম্বর ২০২২ঃ
ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভুত হল দোকান ঘর। গতকাল, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর শহরের অদূরে বাঘাডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখেন মণ্ডলের বাড়িতে হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বাড়ি সংলগ্ন দোকান ঘরটি আগুনে ভস্মিভুত বলে জানা গিয়েছে। স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা ও বলরামপুর থানার পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে লক্ষ্য করা গেছে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডলকেও। তবে কি কারণে এমন ঘটনা তা স্পষ্ট হয়নি। যদিও দোকানের মালিকের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা বেশ কিছু আসবাবপত্র। দোকানের মালিক প্রশাসনের কাছে ক্ষতিপূরণের জন্য সাহায্যের আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
