নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ঃ
স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল যুবক। আজ (রবিবার) দুপুরে ঘটনাটি ঘটেছে বরাবাজার ব্লকের কুমারী নদীর ফতেপুর নদী ঘাটে। জানা যায়, বছর ১৮-র ওই যুবকের নাম মানজাম ইমাম। তাঁর বাড়ি ঝাড়খন্ড রাজ্যের রাউলকেল্লা এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বরাবাজার ব্লকের সিন্দরী গ্রামের এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ওই যুবক। রবিবার বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ও বরাবাজার থানার পুলিশ ওই যুবকের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলার দলকে। বিকেল নাগাদ বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে খোঁজ চালায় ওই যুবককে উদ্ধারের জন্য। শেষ পাওয়া খবর এখনো অবধি ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
শেয়ার করুন