নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ঃ

পুরুলিয়া জেলার সাঁওতালি ভাষার সাহিত্যিক গণেশ মারান্ডির শিশু সাহিত্য পুস্তক “হপন মাই” এবছর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেতে চলেছে। গতকাল, সোমবারই এই বিষয়ে সাহিত্য অ্যাকাডেমি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগামী ১৪ নভেম্বর দিল্লীতে এই পুরস্কার প্রদান করা হবে। তাম্রপদক ও নগদ ৫০ হাজার টাকার পুরস্কার মূল্য পুরস্কার প্রাপকদের প্রদান করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ। জানা গিয়েছে, ওইদিন দেশের বিভিন্ন প্রান্তের ও ভাষার মোট ২৪ জন সাহিত্যিককে এই সম্মান প্রদান করবে সাহিত্য অ্যাকাডেমি।

জানা গিয়েছে, গণেশ মারান্ডির “হপন মাই” বইটিকে এবছরের শিশু সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। বইটি মেদিনীপুরের একটি বাংলা পত্রিকা গোষ্ঠী ২০১৬ সালে প্রকাশ করেছিল। বইটিতে শিশুদের জন্য অলচিকি হরফে ও সাঁওতালি ভাষায় শতাধিক কবিতা ও ছড়া রয়েছে। পেশায় মুদালি আর এন এম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গণেশ মারান্ডির বাড়ি আদপে নিতুড়িয়া থানার মহেশনদী গ্রামে। তবে পেশাগত কারণে বিগত কয়েক বছর ধরে তিনি পুরুলিয়া শহরের ভাটবাঁধের বাসিন্দা। গণেশ বাবু জানান, হপন মাই কথার বাংলা অর্থ ছোট বন। বইটিতে শিশুদের জন্য শতাধিক কবিতা ও ছড়া প্রকাশিত হয়েছে বলেও জানান তিনি। সাঁওতালি ভাষার পাশাপাশি তিনি বাংলা ভাষাতেও কবিতা লেখেন। বাংলা ভাষায় তাঁর কোন বই এখনো প্রকাশিত না হলেও বাংলা অ্যাকাডেমি আয়োজিত কবিতা উৎসবে একাধিকবার আমন্ত্রিত হয়ে অংশগ্রহন করেছেন গণেশ মারান্ডি।

শেয়ার করুন

You cannot copy content of this page