নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ঃ

পুরুলিয়া জেলায় বাম আন্দোলনের অন্যতম পথিকৃত তথা প্রয়াত সিপিআইএম নেতা নকুল মাহাতর ৫ম বর্ষ প্রায়ণ দিবসে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করল দল। আজ, মঙ্গলবার সিপিআইএম-এর জেলা দলীয় কার্যালয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন সিপিআইএম-এর বর্ষীয়ান নেতা বাসুদেব আচারিয়া, দলের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন দলের জেলা কমিটির তত্ত্বাবধানে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় নকুল মাহাতর স্মৃতিতে। দুপুর ২ টো নাগাদ হরিপদ সাহিত্য মন্দিরে “নকুল মাহাত স্মারক বক্তৃতা” রও আয়োজন করা হয়। বিষয় ছিল, ভারতের স্বাধীনতার ৭৫–প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ। বক্তা ছিলেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। এদিন সিপিআইএম-এর প্রয়াত নেতার স্মৃতিতে বক্তৃতা দিতে গিয়ে পার্থ বাবু বলেন, দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্ণ করে আমাদের ভাবতেই হবে স্বাধীনতার আগে আমরা কি চেয়েছিলাম আর এসময় দাঁড়িয়ে কি পেয়েছি। তিনি বলেন, বহু প্রত্যাশা অপূর্ণ রয়ে গিয়েছে। ৭৫ বছর পেরিয়েও দেশ গভীর সংকটে রয়েছে বলে দাবি করেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। এদিন তিনি রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলেও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নকুল মাহাতোর স্মৃতিতে দিনভোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাঁর বাসভূমি পুঞ্চা থানার নপাড়া গ্রামে। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রথমে শিলাই নদীর তীরে নকুল মাহাতো ও তাঁর স্ত্রী উর্মিলা মাহাতোর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর নপাড়া গ্রামে বিভিন্ন লোকসংগীত ও লোকনৃত্য পরিবেশিত হয়। পাশাপাশি নকুল মাহাতর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের পুরুলিয়া জেলা সম্পাদক ড: জলধর কর্মকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাম্য প্যারী মাহাতো।

শেয়ার করুন

You cannot copy content of this page