নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ঃ
ট্রেন ধরার তাগিদে তাড়াহুড়োতে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে যাওয়া ব্যাগ যাত্রীকে ফেরাল আনাড়া আরপিএফ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে সাড়ে ১০ টা নাগাদ আসানসোল-টাটা মেমু ট্রেন আনাড়া স্টেশন ছেড়ে যেতেই ১ নম্বর প্ল্যাটফর্মে একটি কালো রঙের পিঠের ব্যাগ পড়ে থাকতে দেখেন কর্তব্যরত আনাড়া রেল পুলিশের কর্মীরা। আশেপাশের যাত্রীদের জিজ্ঞাসা করা হলেও ব্যাগের প্রকৃত মালিকের খোঁজ না পেয়ে সেটিকে নিয়ে আসা হয় আরপিএফ পোস্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভেতর একটি মোবাইল ফোন, কিছু ব্যবহৃত জামাকাপড় ও কিছু বাসনপত্র ছিল। পরে সাড়ে ১২ টা নাগাদ এক ব্যক্তি আনাড়া আরপিএফ পোস্টে এসে নিজের কালো ব্যাগের বিষয়ে খোঁজ করতে থাকেন। ওই ব্যক্তি নিজের পরিচয়ে জানান, তাঁর নাম উত্তম কুমার লাল (৪৪)। বাড়ি আদ্রা থানার মণিপুরের সাঁকড়াতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুরুলিয়া যাওয়ার জন্য আনাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন তিনি। আসানসোল-টাটা মেমু ট্রেন ঢুকতেই তাড়াহুড়োতে পিঠের ব্যাগটি ছেড়েই ট্রেনে উঠে পড়েন ওই ব্যক্তি। ওই ব্যক্তি নিজের বক্তব্যের সমর্থনে বৈধ টিকিও দেখান এবং ব্যাগ সহ ব্যাগের ভেতরের সামগ্রির বিষয়ে তাঁর কাছ থেকে উপযুক্ত প্রমাণ পাওয়ার পরই জিনিসপত্র সহ উদ্ধার হওয়া কালো ব্যাগটি ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যাগ ফিরে পেয়ে এদিন ব্যাগের মালিক বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন রেল পুলিশকে।
শেয়ার করুন