নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ঃ
পুজোতে কোন মন্ডপেই ডি জে বাজানো চলবে না। এমনকি শব্দবাজিতেও নিষেধাজ্ঞা জারি করা হল বলে এদিন শহরের পুজো কমিটির প্রতিনিধিদের জানিয়ে দিয়েছে পুলিশ। আজ পুরুলিয়া সদর থানায় উপস্থিত শহরের পুজো কমিটির প্রতিনিধিদের এবিষয়ে পরিস্কার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুরুলিয়া সদর থানার আইসি মানস কুমার সরকার। তিনি জানান, পুজোতে কোন পুজো মন্ডপেই ডি জে বাজানো চলবে না এবং একইসঙ্গে শব্দবাজিও ফাটানো চলবে না। কেউ এই নির্দেশ উল্লঙ্ঘন করলে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বলেও এদিন জানিয়েছেন সদর থানার ওসি। তিনি আরো বলেন, এমনকি যদি কেউ বা কেউ কেউ ডি জে বাজাতে বা শব্দবাজি ফোটাতে কমিটির ওপর চাপ সৃষ্টি করেন, তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুজো মন্ডপ গুলিতে যে সিসি ক্যামেরা রয়েছে, সেগুলির সাহায্যে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে পুলিশ পিছ পা হবে না বলেও এদিন সরাসরি জানিয়েছেন মানস কুমার সরকার।
