নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৮ আগস্ট , ২০২০
মফস্বল এলাকায় হাঁসের বাজার ঠিক থাকলেও সোমবার পুরুলিয়া শহরে হাঁসের বাজারে দেখা গেল মন্দা । বিক্রেতারা জানাচ্ছেন এবার অন্যবারের তুলনায় অনেক কম দামে হাঁস বিক্রি করতে হচ্ছে । বিক্রেতা সেখ সাহমত ,সেখ সুলতানরা জানিয়েছেন ‘এ বছর ২২০ টাকা থেকে ২৫০ টাকা হাঁস প্রতি বিক্রি করে দিতে হচ্ছে । তাতেও নাকি তেমন বাজার নেই । বিষ্ণুপুর থেকে আসা হাঁস বিক্রেতা আলম মল্লিক বলেছেন, গত বছর তিনি প্রায় ১০০০ হাঁস বিক্রি করেছিলেন । এ বছর নাকি সোমবার দুপুর পর্যন্ত ২০০ হাঁসেরও বিক্রি হয়নি । কোনো কোনো ক্ষেত্রে বিক্রেতারা কেনা দামে বা অনেক সময় ক্ষতিতে বিক্রি করছেন।
জেলার অর্থনীতিবিদ তথা অধ্যাপক জয়ন্ত হাজরা জানিয়েছেন ‘দীর্ঘ লকডাউনে মানুষের হাতে পয়সা নেই । পরিযায়ী শ্রমিকরা এখনও কর্মহীন । তাছাড়া এ সময় মানুষ হাতে বেশি পয়সা রাখতে চাইছেন , খরচের দিকে যাচ্ছেন না ।
গত দু’বছর থেকে রঘুনাথপুর-২ ব্লকের উঁকা গ্রামে ব্লক প্রশাসনের উদ্যোগে যে হাঁসের ফার্ম হয়েছে তার হাঁসও মনসা পুজোর বাজারে বিক্রি হচ্ছে ।

