নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বুধবার ৫ অক্টোবর ২০২২ঃ
ঘট বিসর্জন দেখতে গিয়ে নেংশাই নদীর জলে তলিয়ে গেল এক যুবক। আজ সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে বরাবাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর জলে তলিয়ে যাওয়া ওই যুবকের নাম সমু বাউরী। বয়স আনুমানিক কুড়ি থেকে ২২ বছরের মধ্যে। ওই যুবকের আদি বাড়ি পুরুলিয়া শহরের উপকন্ঠে সরবাগান এলাকায় হলেও দীর্ঘদিন ধরে ওই যুবক ও তার মা বরাবাজারের গোড়শাই গ্রামে মামা বাড়িতেই থাকতো। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে আরও জানা যায়, ওই যুবকের বাবা অনেক আগেই মারা গিয়েছেন। বর্তমানে ওই যুবকই ছিল তার বিধবা মায়ের একমাত্র আশ্রয়স্থল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হন পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন চিন্ময় মিত্তল, মানবাজার মহকুমার এসডিপিও বরুণ বৈদ্য, বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী, বরাবাজার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল ফজল সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তারা। উদ্ধারের কাজ শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দপ্তর ও দমকল বিভাগের কর্মীরা।


