নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ঃ

আনাড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ ঘর থেকে পালানো দুই নাবালককে উদ্ধার করে আদ্রা চাইল্ড লাইনের সদস্যদের হাতে তুলে দেয় আনাড়া আরপিএফ থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন আনাড়া থানার ওসি এ কে গরাইয়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল “অপারেশন নানহে ফরিস্তে”-র অন্তর্গত দুপুর ২ টো নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই দুই নাবালককে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ছাত্র ১১ বছরের ওই দুই নাবালক ভরত মুখী এবং বরুণ মুখীর বাড়ি আদ্রা সেবা নগরে। এদিন আনাড়া ২ নম্বর প্ল্যাটফর্মের শেষপ্রান্তে দুই নাবালককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত রেল পুলিশের কর্মীরা তাদের বিষয়ে জানতে তাদের সঙ্গে আলাপ করে। পুলিশ জানতে পারে বাড়িতে ঠাকুমার কাছে মারধর ও বকুনি খেয়ে দুই নাবালক ঘর থেকে পালিয়েছে। এরপরই পুলিশ কর্মীরা তাদের উদ্ধার করে আনাড়া আরপিএফ পোস্টে নিয়ে এসে খাবার খাওয়ায়। খবর দেওয়া হয় আদ্রা চাইল্ড লাইনে। চাইল্ড লাইনের সদস্যরা এরপর আনাড়া রেল পুলিশের দপ্তরে পৌঁছলে ওই দুই নাবালককে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই দুই নাবালকের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page