নিজস্ব সংবাদদাতা, কোটশিলা ও পুরুলিয়া, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ঃ

পুরুষ ও স্ত্রী চিতার পর কোটশিলা রেঞ্জের সিমনি বীটের জাবর বনাঞ্চল এলাকার চিতা শাবকের ছবি ভাইরাল হতেই তৎপর হয়ে উঠেছে বনদপ্তর। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিমনি বীটের জাবর জঙ্গলে বনদপ্তরের পেতে রাখা ট্র্যাপ ক্যামেরায় প্রথমবার চিতাবাঘের ছবি ধরা পড়ে। তারপরই বনদপ্তরের পক্ষ থেকে একাধিক ট্র্যাপ ক্যামেরার বন্দোবস্ত করা হয়। সফলতাও আসে। গত এপ্রিল ও জুন মাসে পূর্ণ বয়স্ক পুরুষ ও মাদি চিতা বাঘের ছবি ধরা পড়ে সেসব ক্যামেরায়।

এবার সেই জঙ্গল এলাকার একটি চিতা শাবকের ছবি ভাইরাল হতেই তৎপর হয়ে উঠেছে বনদপ্তর। যদিও ছবিটি স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া গিয়েছে বলে বন দফতর জানিয়েছে। দপ্তরের ডি এফ ও দেবাশিস শর্মা জানিয়েছেন, গ্রামবাসীদের তরফে ওই চিতা শাবকের ছবি দপ্তরের হাতে এসেছে। যার সত্যতা খতিয়ে দেখছে বন বিভাগ বলে জানান তিনি। দেবাশিস শর্মা বলেন, চলতি বছরে দুটি পূর্ণ বয়স্ক চিতার ছবি ধরা পড়েছিল দপ্তরের ক্যামেরাতে। একটি পুরুষ, অন্যটি পূর্ণ বয়স্ক মাদি বলে অনুমান। ফলে শাবক থাকার সম্ভাবনাও যে বন বিভাগের তরফে অনুমান করা হচ্ছে, তেমনই জানিয়েছেন ডি এফ ও। তিনি আরো বলেন, যদিও গ্রামবাসীরা এই জঙ্গলে চিতা শাবকের অস্তিত্বের কথা বারবারই বলছিলেন, তবে সম্প্রতি ভাইরাল হওয়া চিতা শাবকের ছবিটির সত্যতা যাচাই করছে দপ্তর। বিষয়টি জাননো হয়েছে রাজ্য অরণ্য ভবনেও।

শেয়ার করুন

You cannot copy content of this page