নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ঃ
পুরুলিয়া শহরে যানজট সমস্যা মোকাবিলায় উদ্যোগী হল পুরুলিয়া জেলা পুলিস। রাস্তার ওপর থাকা বেআইনি দখল সরাতে এদিন শহরজুড়ে অভিযান করে পুরুলিয়া সদর থানার পুলিস এবং সদর ট্রাফিক পুলিস। এদিন বেআইনি দখলদারদের শুধুমাত্র সর্তক করা হলেও আগামী দিনে প্রয়োজনে কড়া ব্যবস্থাও নেওয়া হবে পুলিস সূত্রে জানাগিয়েছে।
এদিন পুরুলিয়া শহরের চাইবাসা রোড সহ বিভিন্ন রুটে রাস্তার দখলদারদের সতর্ক করে পুলিস।উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিস সুপার অম্লান কুসুম ঘোষ সহ একাধিক ডিএসপি,সদর থানার আইসি এবং সদর ট্রাফিক থানার ওসি। শহরের রাস্তার ওপরেই সারি সারি ফলের ঠেলা ছাড়াও বহু বড় দোকানও নিজেদের সামনের জায়গার রাস্তা দখল করেই রমরমিয়ে ব্যবস্থা চালাচ্ছেন বলে অভিযোগ। এদিন ওই এলাকা গুলিতে গিয়ে দখলদারদের সর্তক করে সরে যাওয়ার নির্দেশ দেন পুলিস কর্তারা। রাস্তা দখল করে ব্যবসা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন পুলিস আধিকারিকেরা। পুরুলিয়া শহরে যানজট সমস্যা দীর্ঘদিনের। রাস্তার ওপর দোকানের সামগ্রী রাখার পাশাপাশি অনেকেই রাস্তার একাংশ দখল করেই রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পুলিস বা পুরসভার পক্ষ থেকে অভিযানে কিছু সময়ের জন্য তাঁরা সরে গেলেও পরে ফের রাস্তার ওপরেই চলে আসেন। অনেকেই পাকা দোকানও করেছেন ফুটপাত দখল করেই। পুরুলিয়া শহরের একাধিক রুটে অফিস টাইমে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিস একাধিকবার পথে নামলেও পুরুলিয়া শহরের যানজট সমস্যার কবে স্থায়ী সমাধান হবে সেটাই বড় প্রশ্ন শহরবাসীর।


