নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ঃ

প্রয়াত হলেন মানভূম হাস্য কৌতুক অভিনেতা জগন্নাথ পরামাণিক ওরফে চড়কা। সোমবার পুরুলিয়া শহরের কেতিকা এলাকার নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মূলত পুরুলিয়া শহরের নডিহার আদি বাসিন্দা হলেও বিগত কয়েক বছর ধরে কেতিকা এলাকায় বাড়ি বানিয়ে সেখানেই বসবাস করছিলেন প্রয়াত শিল্পী। অভিনয়ের সঙ্গে যোগাযোগ অনেক ছোট বয়স থেকেই। একসময় আমডিহার ‘ঐকতান’ নাট্য গোষ্ঠীর মঞ্চস্থ নাটকে নিয়মিত অভিনয় করে গিয়েছেন জগন্নাথ বাবু। মানভূম হাস্য কৌতুক অভিনয়ের জগতে একদা বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল ‘জগা-চড়কা’ জুটি।বিগত দিনে অডিও ক্যাসেটের যুগে এই জুটির হাস্য কৌতুক অভিনয় বাংলা ছাড়িয়ে বিহার ও উড়িষ্যা রাজ্যের প্রত্যন্ত এলাকার আপামর মানুষের কাছেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। জুটির জগা ওরফে চন্দ্রনাথ ব্যানার্জি বেশ কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। এদিন চড়কাও চলে গেলেন না-ফেরার দেশে। মৃত্যুকালে জগন্নাথ পরামাণিকের বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। অভিনেতার প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে জেলার শিল্পীমহলে।

শেয়ার করুন

You cannot copy content of this page