নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ঃ
ফের শিরোনামে ঝালদা পুরসভা। কংগ্রেস কাউন্সিলরদের ডাকা সভার আগের দিন আচমকা ঝালদা পুরসভাতে চেয়ারম্যান নিয়োগ করল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরসভার তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ার কে এক মাসের জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। চেয়ারম্যান নির্বাচনের আগের দিন এই প্রশাসক নিয়োগ নিয়ে ফের জটিলতা বাড়লো ঝালদা পুরসভাতে। এই পরিস্থিতিতে শনিবার পূর্ব নির্ধারিত সময়ে তিনজন কাউন্সিলর এর ডাকা সভা হয় কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত ঝালদা পুরসভা তে তৃণমূলের চেয়ারম্যানের অপসারণের পরই প্রশাসক বসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কংগ্রেস। এমনকি আশংকার কথা জানিয়ে রাজ্যপাল কে চিঠিও দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেসের সেই আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে শাসক দল তৃণমূলের দাবি, রাজ্য সরকার আইন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে।

