নিজস্ব সংবাদদাতা, আদ্রা, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২:

অনলাইনে গেম খেলার প্রতি মারাত্মক আসক্তি সর্বনাশ ডেকে আনলো আদ্রার এক রেল কর্মীর পরিবারে। খেলতে গিয়ে বাজারে প্রায় পনেরো লক্ষ টাকা ঋণ করে ফেলেছিলেন আদ্রার বাসিন্দা ওই রেল কর্মী ৩৫ বছরের অমরচন্দ্র মোদক। ঋণ শোধ করার কোন উপায় না পেয়ে নিজে আত্মঘাতী হলেন। তার আগে শ্বাসরোধ করে খুন করেছিলেন ৫ বছরের মেয়ে অঙ্কিতা মোদক কে। পুলিশ জানায় নিজে আত্মঘাতী হওয়ার আগে বছর ২৮ এর স্ত্রী জবা মোদককে ঘুমের ওষুধ জাতীয় কিছু খাইয়ে খুনের চেষ্টা করেন। স্ত্রী আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লে মারা গেছে মনে করে মেয়েকে খুন করে আত্মহত্যা করেন ওই রেল কর্মী। পরে ঘুম ভেঙে স্ত্রী উঠে ঘটনা দেখতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়শিদের ঘটনা জানান। তারাই খবর দেয় পুলিশকে।
আদ্রা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।জবা কে ভর্তি করায় আদ্রা রেলের বিভাগীয় হাসপাতালে। সেখানেই মৃতর স্ত্রীর প্রাথমিক জবানবন্দী নেয় পুলিশ। জবা পুলিশকে জানিয়েছে অন লাইনে গেম খেলতে গিয়েই প্রচুর ধার হয়ে গিয়েছিলো স্বামীর। পরিজনরা ধার মেটাতে টাকা দিয়ে সাহায্য করেছিলো।কিন্তু গেমের নেশা দূর হয়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page