নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২:
বুনো হাতির আক্রমণে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক কৃষক। সাত সকালে ঝাড়খন্ড থেকে একটি দল ছুট হাতি বাঘমুন্ডির জনপদ সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। এতে গ্রাম গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী গ্রামের সংলগ্ন রেল গেটের সামনে। হঠাৎ করে রাস্তায় দল ছুট ওই হাতি আসায় অল্পের জন্য প্রাণে বাঁচলো এক কৃষক। সবজি নিয়ে সাইকেলে করে বিক্রি করতে যাচ্ছিলেন ওই কৃষক। হাতির মুখোমুখী হতেই সাইকেল ফেলে পালিয়ে প্রাণে বাঁচলেন ওই কৃষক। ওই কৃষক জানান, সাইকেলে থাকা লাউয়ের বস্তা ছেড়ে ভয়ে পালিয়ে যায়।
কৃষক মহেশ্বর কুইরী বলেন, আমি সাইকেল করে লাউ নিয়ে আমাদের দৈনন্দিন বাজার সুইসা নেতাজি মার্কেট নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দল ছুট একটি বন্য হাতি মুখোমুখি হয় রাস্তার মাঝে। আমি আমার সাইকেলে থাকা লাউ ছেড়ে ভয়ে পালিয়ে যাই। কিন্তু ওই দল ছুট বন্য হাতি আমার সাইকেল ও লাউগুলিকে নষ্ট করে দেয়। আমি গরিব কৃষক কৃষি ঋণ নিয়ে চাষ করি। ক্ষতির মুখে পড়লাম। তাই প্রশাসনের কাছে সাহায্যর আর্জি জানাই।
অন্য দিকে, সকাল থেকেই বাঘমুন্ডি বনাঞ্চলের কালিমাটি বীট অফিসের বনকর্মী ও হুলা পার্টি গাগী সংলগ্ন জঙ্গলে পাহারা চালাচ্ছে। মানুষকে সতর্কতার সঙ্গে ঘোরাফেরা ও জঙ্গলে প্রবেশ না করার জন্য আবেদন করে।


