নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ঃ
এক ডিম্যাট এজেন্টের মাধ্যমে এল আই সি শেয়ার বন্ড কিনতে গিয়ে ৫৩, ৩৪০ টাকা প্রতারিত পুরুলিয়া শহরের হুচুক পাড়ার এক বাসিন্দা। হুচুক পাড়ার বাসিন্দা মায়া সাহা রায় গত ২৫ নভেম্বর পুরুলিয়া সাইবার অপরাধ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। ঘটনায় জোর তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে মায়া সাহা রায়ের এল আই সি শেয়ার বন্ড কেনার জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়। একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের পুরুলিয়া শাখার এক কর্মচারীর পরামর্শে তিনি ডিম্যাট এজেন্ট শুভদীপ পাল নামের এক ব্যাক্তির সঙ্গে যোগাযোগ করেন। ওই এজেন্ট শুভদীপ পাল মায়া দেবী ও তাঁর স্বামী প্রদীপ রায়ের নামে দুটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেন। অ্যাকাউন্ট খোলা হলে এল আই সি শেয়ার বন্ড কিনতে তাঁদের ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গুগুল পে-র মাধ্যমে দুটি কিস্তিতে মোট ৫৩, ৩৪০ টাকা (৩০,০০০/- এবং ২৩,৩৪০/-) এজেন্ট শুভদীপ পালের গুগুল পে-র নম্বরে তিনি ট্রান্সফার করেন বলে দাবি অভিযোগকারী মায়া সাহা রায়ের। অভিযোগ, গত মে মাসে ওই টাকা ট্রান্সফার করার পর আজ পর্যন্ত এজেন্ট শুভদীপ পাল তাঁদের কোন শেয়ার বন্ড কিনে দেননি কিংবা মায়া দেবীর টাকাও ফেরত দেন নি। মায়া দেবীর আরো অভিযোগ, প্রথমদিকে ফোনে ওই এজেন্টকে ফোন করে শেয়ার কেনার কথা জিজ্ঞাসা করলে নানান অজুহাতে টালবাহানা করতেন তিনি। পরে ফোন ধরাও বন্ধ করে দেন বলে দাবি অভিযোগকারীর। এমতাবস্থায় খোঁজ খবর নিয়ে মায়া দেবী ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক মারফত জানতে পারেন যে, অভিযুক্ত এজেন্ট শুভদীপ পাল একজন প্রতারক এবং বিভিন্ন গ্রাহকের সঙ্গে প্রতারণার কারনে যে সিকিউরিটি কোম্পানিতে উনি কাজ করতেন, সেই কোম্পানিও তাকে কাজ থেকে বহিষ্কার করেছে। এরপরই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হুচুক পাড়ার বাসিন্দা মায়া সাহা রায়।
শেয়ার করুন