নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ঃ
আড়াই লক্ষের অধিক টাকা সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়ার চাঁচড়া গ্রামের বাসিন্দা শুকদেব মাহাত। গত ২২ নভেম্বর তিনি পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর দুপুরে একটি অচেনা নম্বর থেকে শুকদেব বাবুর মোবাইলে ফোন আসে। অন্যপ্রান্ত থেকে এক অচেনা ব্যাক্তি নিজেকে একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে জানায়, শুকদেব বাবুর এটিএম-কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই ব্যাঙ্কের সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি নিরাপদ নয়। একথা শুনে শুকদেব মাহাত নিজের অ্যাকাউন্টের ৩০,০০০ টাকা ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কেই ওনার বাবা সত্যবান মাহাতর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। টাকা ট্রান্সফার হতেই ওই অচেনা নম্বর থেকে আবার জানানো হয়, যদি শুকদেব বাবু নিজের এটিএম চালু করতে চান, তাহলে তাঁর বাবার ফোনে একটি লিঙ্ক পাঠানো হয়েছে সেটির মাধ্যমে কার্ডের ৯ ডিজিটের পাশওয়ার্ডটি পাঠিয়ে দিতে হবে। লিঙ্কে ক্লিক করতেই ‘এনি ডেস্ক’ বলে একটি অ্যাপ্লিকেশন খুলে যায়। সেটির মাধ্যমে প্রতারকরা প্রথমে ৮৩, ৫৬১ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। এরপর এই টাকা ফেরত পেতে আরো ৩৬, ০০০ টাকা পাঠান শুকদেব মাহাত। শুকদেব বাবুর অভিযোগ, প্রতারকরা টাকা ফেরতের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি থেকে সর্বমোট ২,৫৮, ৮৪৬/- টাকা হাতিয়ে নিলে তিনি প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। এরপরই গত ২২ নভেম্বর পুরুলিয়া সাইবার অপরাধ থানায় শুকদেব বাবু লিখিত অভিযোগ দায়ের করেন। পুরুলিয়া সাইবার অপরাধ থানা সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন