নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ঃ

একটি বহুজাতিক চারচাকা গাড়ি প্রস্তুতকারি সংস্থার ডিলারশিপ নিতে গিয়ে দেড় লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন পুরুলিয়া শহরের রাঁচি রোডের শকুন্তলা গার্ডেনের বাসিন্দা সন্তোষ কুমার জয়সওয়াল। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর ইন্টারনেটে সার্চ করার পর ওই গাড়ি সংস্থার ডিলারশিপের জন্য অনলাইনে একটি আবেদনপত্র পাঠান সন্তোষ কুমার জয়সওয়াল। পরদিন, অর্থাৎ ৯ নভেম্বর একটি অচেনা মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে ওই গাড়ি প্রস্তুতকারি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে সন্তোষ বাবুকে জানায়, তাঁর (সন্তোষ বাবুর) ব্যাক্তিগত ভেরিফিকেশনের প্রয়োজন। তাই ওই ব্যাক্তির কথামত সন্তোষ জয়সওয়াল নিজের আধার কার্ড, প্যান কার্ড, আয়কর রিটার্নের কপি, ব্যাঙ্কের কিছু নথিপত্র ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। এরপর গত ১৮ নভেম্বর অন্য একটি নম্বর থেকে অন্য এক ব্যক্তি ফোন করে সন্তোষ বাবুকে জানায়, ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। তাই রেজিস্ট্রেশন ফিজ বাবদ ১,৫৫,৫০০/- একটি নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠাতে বলে। ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে পরদিন, অর্থাৎ ১৯ নভেম্বর সেই টাকা পাঠিয়ে দেন সন্তোষ কুমার জয়সওয়াল। এরপর ওই ব্যাক্তি সন্তোষ বাবুকে এন ও সি, লাইসেন্স, এগ্রিমেন্ট, সিকিউরিটি ইত্যাদি বাবদ আরো ১১,৭৫,০০০/- পাঠাতে বললে তিনি প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন রাঁচি রোডের বাসিন্দা সন্তোষ কুমার জয়সওয়াল। এরপরই গত ২২ নভেম্বর তাঁর ওই দেড় লক্ষ টাকা ফেরতের ব্যবস্থা করার আবেদনের পাশাপাশি গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page