নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ঃ

গ্রামবাসীদের রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। দীর্ঘ সময় ধরে বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার হতেন গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তা না থাকায় দৈনন্দিন কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত। সেই দুর্ভোগেরই যেন এবার অবসান হতে চলেছে। মানবাজার-১ নং ব্লকের রামনগর-বারোমেস্যা অঞ্চলের পারুলডি থেকে উপর রামনগর পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মানবাজারের বিধায়ক সন্ধ্যারাণী টুডু। একটি ছোট্ট সূচনা অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরি সহ অন্যান্যরা। রাস্তার কাজের সূচনায় স্থানীয়রা বিশেষভাবে খুশি বলে জানিয়েছেন তাঁরাই।

শেয়ার করুন

You cannot copy content of this page