নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ঃ

আজ (২৮ ডিসেম্বর) পুরুলিয়া শহরের হাটতলা মোড়ে এবং রঘুনাথপুরে সংগঠনের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল এস ইউ সি আই (সি) – র ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র পুরুলিয়া জেলা কমিটি। সংগঠনের পক্ষে জানা গিয়েছে, ১৯৫৪ সালের আজকের এই দিনটিতে সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার মহাবোধি সোসাইটি হলে। এদিনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুরুলিয়া ও রঘুনাথপুরে দুটি জায়গায় সভা করে সংগঠনের জেলা কমিটি। দুটি সভাতেই সংগঠনের পতাকা উত্তোলন করার পাশাপাশি বিগত দিনে ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু করেন সংগঠনের সদস্যরা। জেলা সভাপতি স্বপন পরামানিক রঘুনাথপুর শহরে তাঁর বক্তব্যে বলেন, যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারিকরণ করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি ২০২০ লাগু করছে, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষার শপথ গ্রহণ করতেই ছাত্র-ছাত্রীদের নিয়ে সারাদেশের পাশাপাশি আমাদের জেলাতেও এই দিনটি উদযাপিত হচ্ছে। পুরুলিয়া শহরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি জিতেন্দ্র নাথ মাহাতো ও জেলা কোষাধ্যক্ষ ভবতারণ কুমার।

শেয়ার করুন

You cannot copy content of this page