নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২০ আগস্ট , ২০২০
করম পরবে কুড়মি সম্প্রদায়ের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ছুটির আর্জি জানিয়ে চিঠি লিখলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাত। চলতি মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত হবে করম পরব।
সেই দিনটি মূলত আদিবাসী সম্প্রদায়ের সরকারি কর্মচারি দের জন্য ‘সেকশনাল হলিডে’ হিসেবে ছুটির আদেশ জারি হয় গত ১৭ই আগষ্ট তারিখে ৷ সেই আদেশনামায় রাজ্য সরকারি অফিসগুলির আদিবাসী জনজাতিরাই ছুটি পাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে বিগত কয়েকবছরের সরকারি নির্দেশে সেকশনাল হলিডে হিসেবেই ঘোষিত হয়েছে৷ এবছর ১৭ তারিখে ওইরকম নির্দেশ প্রকাশ পেতেই কুড়মি সম্প্রদায়ের অনেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে ওঠে। তারপরই জেলার মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ইমেল মারফত কুড়মি জনজাতির কর্মচারীদের জন্যও ছুটির আর্জি জানান।

চিঠিতে লিখেছেন,পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এর কুড়মি জনজাতিরা আবেগ ও সংস্কৃতি গত ভাবে করম পূজার সংগে ওতপ্রোতভাবে জড়িত। তাই যেন সেই দিনটিতে কুড়মি জনজাতির সরকারি কর্মীরাও সেই ছুটি উপভোগ করতে পারেন, সেই আবেদনও রেখেছেন শান্তিরামবাবু।

একই দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাত সহ কুড়মি সমাজের একাধিক নেতা।
শেয়ার করুন