নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ঃ

আজ থেকে শহরের জি ই এল চার্চ মাঠে শুরু হচ্ছে ৩৭ তম পুরুলিয়া জেলা বইমেলা। জেলার লেখক, গবেষক, সাহিত্যিকদের একাধিক বই বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে। তারমধ্যে কয়েকটির বিষয়ে উল্লেখ করা হলঃ

মুলকি কুড়মালি ভাষা ভাইখি-র প্রকাশনায় আজ তিনটি বই প্রকাশিত হচ্ছে। কিরীটি মাহাত ও বিশ্বনাথ মাহাতর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে “কুড়মালি ভাষা ও সংস্কৃতি-২য় খন্ড”। গ্রন্থটি কুড়মালি ভাষা ও সংস্কৃতি বিষয়ে ১৪ জন গবেষকের ১৪ টি প্রবন্ধ সম্বলিত। কিরীটি মাহাত জানিয়েছেন, কুড়মি জাতি হল ভারতবর্ষের অন্যতম একটি আদিম মানবগোষ্ঠী। যাঁরা প্রায় সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং সমগ্র জাতি আজও নিবিড় কৃষি কেন্দ্রিক ও কৃষিজীবি হিসেবেই পরিচিত। বলা যায় এরাই হলেন ভারতীয় প্রাচীন কৃষি সভ্যতা ও সংস্কৃতির স্রষ্টা বা জনক। এই জনগোষ্ঠীর মানুষই কোন একদিন কৃষির সূচনা ও আবিষ্কার করেছিল, জন্ম দিয়েছিল কৃষি সভ্যতার। ভারতের প্রাচীন কৃষি সভ্যতার মূল ভিত্তি যে কুড়মালি ভাষা ও সংস্কৃতি, সেই বিষয়ের উপরই ১৪ টি গবেষণামূলক প্রবন্ধ এই গ্রন্থটিতে সংকলিত করা হয়েছে বলে জানান অন্যতম সম্পাদক কিরীটি মাহাত। বইটির বিনিময় মূল্য ৩৫০/-টাকা।

এছাড়াও মুলকি কুড়মালি ভাষা ভাইখি-র পক্ষে আরও দুটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। প্রথমটি ইংরেজি ভাষায় লেখা। বইটির নাম “Aspect of antiquity and history of Mulnivasi” । লেখক মনতোষ কুমার মাহাত। লেখকের দাবি, ভারতের মূল নিবাসীদের বিষয়ে জানতে গেলে এই বইটি অবশ্যই পড়তে হবে। বিশিষ্ট গবেষক, লেখকদের লিখিত রচনা, বিভিন্ন অনুসন্ধান ও গবেষণা পেপারের তথ্য প্রমাণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। বইটির পরিশিষ্টে রয়েছে মানভূমের প্রথম সাংসদ তথা কুড়মালি ভাষাবিদ স্বর্গত ক্ষুদিরাম মাহাত কর্তৃক গবেষণা লব্ধ কুড়মালি লিপির পরিচয়। বইটির বিনিময় মূল্য ২০০/-টাকা। অন্য বইটি কুড়মালি ভাষার একটি কাব্য গ্রন্থ “মিটিক”। কবি প্রভাষ চন্দ্র মাহাত। বইটির মূল্য ৮৫/-টাকা। তৎকালীন মানভূম পুরুলিয়ার প্রথম সাংসদ ও বিশিষ্ট কুড়মালি ভাষাবিদ স্বর্গত ক্ষুদিরাম মাহাতর লেখা চারটি বইও মুলকি কুড়মালি ভাষা ভাইখি-র স্টল থেকে পাওয়া যাবে বলে জানান প্রকাশনা সংস্থার কর্মকর্তারা।

এবার পুরুলিয়া বইমেলায় প্রকাশিত হচ্ছে জেলার ইতিহাসবিদ লেখক দিলীপ কুমার গোস্বামীর “পুরুলিয়ার পর্যটন” গ্রন্থটি। পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র অনন্য। একই সঙ্গে জেলাজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন। ফলে পুরুলিয়া জেলা ইদানিং এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। কিন্ত অভাব ছিল জেলার পর্যটন স্থল গুলি বিষয়ে একটি হ্যান্ডবুকের, জানাচ্ছেন দিলীপ কুমার গোস্বামী। পুরুলিয়ার পর্যটন গ্রন্থটিতে রুট বিবরণ সহ জেলার পর্যটন স্থলগুলির বিষয়ে বর্ণনা করা হয়েছে। বইটিতে রয়েছে প্রায় দেড়শোটি হোটেল, রিসোর্ট ও লজের ঠিকানা ও যোগাযোগ নম্বর। মূল্য ১৫০/-টাকা । বইমেলায় বজ্রভূমি প্রকাশনার স্টলেই পাওয়া যাবে বইটি।

“একদিন পৃথিবীজুড়ে মাটির ভিতরে হবে ঘর…” বিখ্যাত এই বাউলগানটি শোনেন নি, এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তবে কে এই গানটি লিখে গেছেন, তা অজানা প্রায় সকলের কাছেই। গানটির লেখক দেবীদাস বাউল। “ভাবকবি দেবীদাস বাউলের সঙ্গীত ও সাহিত্য সাধনা” নামে একটি বই প্রকাশ করছে মা ভবানী প্রকাশনা। ভাবকবি দেবীদাস বাউলের এরকম ৩০০টি বাউল গানের সংকলন। সংকলক ও সম্পাদক ড. দয়াময় রায়। দয়াময় রায় জানান, বিগত তিন বছর ধরে বহু বাউল আখড়া ঘুরে এবং বিভিন্ন প্রান্তের বহু বাউলের সঙ্গে কথা বলে দেবীদাস বাউলের এই ৩০০টি বাউল গান সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে আরও বহু গান এখনো উদ্ধার হয়নি। প্রায় ২০০ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০/-টাকা।

কলেজস্ট্রীটের গাঙচিল প্রকাশ করছে অধ্যাপক প্রবীর সরকারের গবেষণামূলত বই “রাজানুকূল্য ও পুরুলিয়ার সাহিত্য-সংস্কৃতি”। ছৌ, ঝুমুর, লোক সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ পুরুলিয়ায় বহু প্রাচীন যুগ থেকেই বিভিন্ন ছোট-বড় রাজা জমিদারদের পৃষ্ঠপোষকতায় একটি সমান্তরাল সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। লেখক প্রবীর সরকার জানান, সেই সাহিত্য ও সংস্কৃতি লৌকিক নয়। যার ফলশ্রুতিতে ধ্রুপদী ঝুমুর বা ঘোঁঙা ঘরানার সঙ্গীত। তিনি বলেন, বহু প্রাচীন সময় থেকেই রাজাদের পৃষ্ঠপোষকতায় বহু পুঁথি ইত্যাদিও এখানে রচনা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে এরকম প্রায় সাতশো পুঁথি তিনি পেয়েছেন বলে জানিয়েছেন লেখক। জেলার সেই প্রাচীন সাহিত্য ও সংস্কৃতির তথ্য সমৃদ্ধ আলোচনাই বইটিতে রয়েছে বলে প্রবীর সরকার জানান। বইটির মূল্য ৪৫০/-টাকা। পুরুলিয়া বইমেলায় এ কে ডিস্ট্রিবিউটরের স্টলে বইটি পাওয়া যাবে।

শেয়ার করুন

You cannot copy content of this page