নিজস্ব সংবাদদাতা, ঝালদা, রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ঃ

শিয়রে পঞ্চায়েত নির্বাচন। এমতাবস্থায় ঝালদা কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃনমূল কংগ্রেস। ঝালদা-১ নম্বর ব্লকের ইলু-জারগো অঞ্চলে এদিন তৃণমূলের একটি দলীয় কর্মসূচি ছিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাত সহ দলের অঞ্চল ও ব্লক নেতৃত্বরাও। এই অনুষ্ঠান মঞ্চে বিধায়কের হাত থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে তৃণমূল দলে যোগ দেন ঝালদা-১ ব্লক কংগ্রেসের সম্পাদক ভগীরত মাহাত। তাঁর সঙ্গেই এদিন ব্লকের একগুচ্ছ কর্মী-সমর্থকেরাও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে খবর। ব্লক সহ গোটা বাঘমুন্ডি বিধানসভা এলাকার একজন জনপ্রিয় কংগ্রেস নেতৃত্ব বলে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ভগীরত মাহাতর দলে যোগদানের বিষয়টি নিয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত এদিন জানিয়েছেন, ভগীরত বাবুর মত চিরদিন মানুষের পাশে থাকা জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে পেয়ে তৃণমূল দল সমৃদ্ধ হল। ভগীরত মাহাত জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যের মানুষের মৌলিক অধিকার রক্ষা করে চলেছেন, তাতে তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলেন। অন্যদিকে ঝালদা কংগ্রেসে এদিনের এই ভাঙন সামনের পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় ধাক্কা বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ।

শেয়ার করুন

You cannot copy content of this page