নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ঃ
চলে গেলেন “শিবুদা”। পুরুলিয়ার বিশিষ্ট এবং বহু পুরস্কার ও সম্মানের অধিকারী আলোকচিত্রী শিব সুন্দর দাঁ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করছেন দেখে পরিবারের সদস্যরা তাঁকে ওঠাতে গেলে দেখেন শিবুদা আর নেই।
বহু পুরস্কার ও সম্মানের অধিকারী ছিলেন প্রয়াত এই বর্ষীয়ান আলোকচিত্রী। ফটোগ্রাফিতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে যাঁরা পুরুলিয়ার নাম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন শিব সুন্দর দাঁ তাঁদের মধ্যে অন্যতম। ৮-এর দশকের গোড়ায় তাঁর ফটোগ্রাফির শুরু। ১৯৮৩ সালে ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা থেকে তিনি স্বর্ণ পদক লাভ করেন। ওই বছরেই হাওড়ায় আয়োজিত আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ভারতীয় প্রতিযোগী হিসেবে সম্মান অর্জন করেন। ১৯৮৬ সালেও ওই একই প্রতিযোগিতায় পুরস্কৃত হন। ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হন ১৯৮৭ সালে। সেবছরেই ফেস্টিভাল অব ইন্ডিয়া পুরস্কারেও ভূষিত হন। অলিম্পাস ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশনে পুরস্কৃত হন ১৯৮৯ সালে। ১৯৯৫ সালে লাভ করেন কেয়োকার্পিন শারদ সম্মান। শিবুদার প্রয়ানে জেলার ফটোগ্রাফির জগতে শোকের ছায়া নেমে এসেছে। পুরুলিয়ার বিশিষ্ট ফটোগ্রাফার স্বরূপ দত্ত জানিয়েছেন, শুধু ফটোগ্রাফিতেই শিবুদা সেরা ছিলেন না, ছিলেন এক বিরাট মনের মানুষ। স্বরূপ দত্ত আরো বলেন, গত ১৯ ডিসেম্বর ২০২৩ পুরুলিয়ার আরেক বিশিষ্ট ফটোগ্রাফার গোলক সরকারও প্রয়াত হয়েছেন। তিনিও শিবুদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক মাসের মধ্যেই দুজনের প্রয়ানে পুরুলিয়া জেলার ফটোগ্রাফির ক্ষেত্রে অপুরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন জেলার ফটোগ্রাফাররা।

