নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ঃ

প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরীয় অ্যাথলিট মিটে অভাবনীয় ফল করল পুরুলিয়া জেলা। সার্বিকভাবে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করল। গতকাল, শনিবার ও আজ (রবিবার) জলপাইগুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের দুদিনের রাজ্য স্তরীয় ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩ টি স্বর্ণ পদক, ২ টি রৌপ্য পদক ও ৪ টি ট্রফি জিতে জলপাইগুড়ি ও দক্ষিণ ২৪ পরগনার পরেই সার্বিকভাবে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে পুরুলিয়ার প্রতিযোগিরা। পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া কমিটির তরফে জানা গিয়েছে, জয়পুর থানা তথা জয়পুর চক্রের একদুয়ারার অভিজিৎ হেমব্রম ১০০ ও ২০০ মিটার দৌড়ে ২ টি স্বর্ণ পদক পেয়েছে, গ্রুপ-এ শাটল দৌড়ে কাশীপুর থানার ছোটহদলদা চক্রের বিকাশ মান্ডি পেয়েছে একটি স্বর্ণ পদক। রঘুনাথপুর-১ চক্রের নতুনডির দিপীকা বাউরি মেয়েদের গ্রুপ-বি ১০০ ও ২০০ মিটার দৌড়ে ২ টি রৌপ্য পদক লাভ করেছে। এছাড়াও জয়পুর চক্রের একদুয়ারার অভিজিৎ হেমব্রম ব্যাক্তিগত চ্যাম্পিয়ন ট্রফি জেতে এবং টিম পুরুলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও ট্রফি জেতে। জানা গিয়েছে, রবিবার রাতেই পুরুলিয়ার এই ক্রীড়া দলটি জলপাইগুড়ি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার সন্ধে নাগাদ দলটি পুরুলিয়া পৌঁছবে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page