নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ঃ

বলরামপুরের মালতি রামনগর জিলপালয় বিদ্যালয়ে আজ পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস। অনুষ্ঠানের প্রধান অঙ্গ হিসেবে ছিল বিজ্ঞান চেতনা বিষয়ক আলোচনা সভা। এছাড়াও পুরস্কার প্রদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক তথা সংস্থার জেলার সম্পাদক নয়ন মুখার্জ্জী এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ব্যানার্জ্জী। ছিলেন বিজ্ঞান মঞ্চের বলরামপুর শাখার দিলীপ কুমার ঝাঁ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিকিম চন্দ্র মাঝি। আলোচনায় অংশগ্রহণ করে এদিন মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহশিক্ষক অরবিন্দ ঘোষ। বিজ্ঞান মানসিকতা মেধা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়। প্রায় একশত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করে ডাক্তার বাবু বলেন, বেশীরভাগ শিক্ষার্থী অপুষ্টির শিকার এবং শরীরে ক্যালশিয়ামের অভাবজনিত সমস্যায় ভুগছে। পরবর্তকালে আরো বড়ো আকারে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রস্তাব দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থঙ্কর ব্যানার্জী এদিন উপস্থিত সকলকে বিদ্যালয়ের তরফে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page