নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ঃ

অবশেষে স্বস্তি মিলল পুরুলিয়া পৌর কর্তৃপক্ষ ও পৌর নাগরিকদের। পুরো ১৪ দিন পর কর্মবিরতি তুলে নিলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। আজ সকাল থেকেই শহরের সাফাই কাজে নেমে পড়েছেন তাঁরা। প্রসঙ্গত, বকেয়া তিন মাসের বেতনের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাফাই কর্মীদের ধর্মঘট শুরু হয়। সাফাই কর্মীদের দাবি ছিল, অন্ততপক্ষে দুমাসের বকেয়া বেতন না পেলে তাঁরা কাজে যোগদান করবেন না। এদিকে বর্তমানে তহবিলের সঙ্কটে থাকা পৌর কর্তৃপক্ষ কর্মীদের এক মাসের বকেয়া বেতন মিটিয়ে তাঁদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোন সমাধান সূত্র বেরিয়ে আসে নি। দুমাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে অনড় থেকে কর্মবিরতি চালিয়ে গিয়েছেন কর্মীরা। এমনকি বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীরা পুরুলিয়ার জেলা শাসক দপ্তরের দ্বারস্থও হন। অবশেষে সোমবার পুরুলিয়া পৌরসভা সাফাই কর্মীদের আরো একমাসের বকেয়া বেতনের টাকা প্রদান করে। সাফাই কর্মীদের তরফে জানা গিয়েছে, দোলযাত্রায় ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্ত কর্মীদের অ্যাকাউন্টে বেতনের টাকা পৌঁছতে দেরি হয়েছে। সাফাই কর্মী সংগঠনের তরফে সরোজিৎ সামুয়েল এদিন জানিয়েছেন, গতকাল, বুধবার অধিকাংশ সাফাই কর্মীর অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকে গিয়েছে। অবশিষ্ট কর্মীদেরও বেতনের টাকা আজ ঢুকে যাবে। তাই আমরাও আমাদের প্রতিশ্রুতি রক্ষা করলাম। আজ থেকে কর্মবিরতি তুলে কাজে যোগদান করল সাফাই কর্মীরা বলে জানিয়েছেন সরোজিৎ সামুয়েল।

শেয়ার করুন

You cannot copy content of this page