নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ঃ

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল ৫০ বছরের এক প্রৌঢ়ের। সোমবার ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলের অন্তর্গত কুদনা বীটের বনমালীপেটি পাথর জঙ্গলে। জানা গিয়েছে, মৃতের নাম মঙ্গল সিং মুড়া। বাঘমুন্ডির মাদলা গ্রামে বাড়ি।

স্থানীয় সূত্রে খবর, গতকাল, সোমবার আরো দুই সহযোগীর সঙ্গে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন মঙ্গল সিং মুড়া। বেলা গড়িয়ে দুই সহযোগী বাড়ি ফিরলেও তিনি ফেরেননি। স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন জঙ্গলে খোঁজখবর নিয়েও কোন হদিশ করতে পারেন নি মঙ্গলের। অনেক পরে খবর আসে জঙ্গলে মৃত অবস্থায় পড়ে রয়েছেন মঙ্গল মুড়া। আজ সকাল ১০ টায় খবর পৌঁছয় বন দফতরে। খবর পেয়ে মাঠা বনাঞ্চল ও কুদনা বীটের আধিকারিক ও বনকর্মীরা বাঘমুন্ডি থানার পুলিশের সঙ্গে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। জঙ্গলে বুনো হাতি আছড় দিয়ে মেরে ফেলেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশ ও বন দপ্তরের। তবে ঘটনার সত্য উদঘাটনের জন্য জোর তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে মৃতদেহ উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

শেয়ার করুন

You cannot copy content of this page