নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২২ মার্চ ২০২৩ঃ
খড়্গপুরের এক ঘর থেকে পালিয়ে আসা নাবালককে উদ্ধার করে পুরুলিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দিল পুরুলিয়া আর পি এফ থানার পুলিশ। পুরুলিয়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নাবালকের নাম শেখ হুসেন (১২)। বাড়ি খড়্গপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাত্তার চকে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল (মঙ্গলবার) রাত্রি সোয়া ১২ টা নাগাদ পুরুলিয়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে উদভ্রান্ত ও উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে কর্তব্যরত রেল পুলিশের কর্মীরা ওই নাবালকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, সে বাড়িতে কিছু না জানিয়ে পালিয়ে এসেছে। এরপরই তাকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে আর পি এফ থানার মহিলা পুলিশ কর্মীদের মাধ্যমে তার দেখাশোনা করা হয়। খবর দেওয়া হয় ওই নাবালকের পরিবারের সদস্যদের ও পুরুলিয়া চাইল্ড লাইনে। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ নাবালকের পরিজনদের উপস্থিতিতে চাইল্ড লাইনের সদস্যদের হাতে তাকে তুলে দেয় পুরুলিয়া রেল পুলিশ।
শেয়ার করুন