নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ
আজ, ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। রোগ প্রতিরোধ বিষয়ে পুরুলিয়া জেলাজুড়ে মানুষকে সচেতন করতে এদিন দুপুর ১২ টা নাগাদ রাঁচি রোড স্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে একটি ট্যাবলো ক্যাম্পেনের সূচনা করা হয়। আগামী ২ সপ্তাহ ধরে জেলার সর্বত্র এইডস বিষয়ে সচেতনতার বার্তা প্রচার করবে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস। এদিন ট্যাবলো উদ্বোধনে উপস্থিত ডেপুটি সি এম ও এইচ-৪ শক্তিপদ মুর্মু জানান, এইডস প্রতিরোধ করা যায়, এইডস-এর চিকিৎসাও সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত এইডস রোগ সম্পূর্ণ নিরাময়ের কোন ওষুধ বা টিকা না থাকায় এই রোগ নিরাময় করা যায় না। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুরুলিয়া জেলাতে এই মূহুর্তে ৩৯২ জন এইচ আই ভি পজিটিভ রোগী রয়েছেন। যাঁদের মধ্যে ১৫ জন গর্ভবতী মহিলাও আছেন। বর্তমানে পশ্চিম মেদিনীপুর মেডিক্যাল কলেজের এ আর টি সেন্টারে তাঁদের নিয়মিত চিকিৎসা চলছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। অসুরক্ষিত যৌন জীবনচর্যা, অপরিচিত বা সরকারের অনুমোদন বিহীন কোন স্থান থেকে রক্তের আদানপ্রদান, একই সিরিঞ্জ ব্যবহার করে একাধিক রোগীর দেহে ওষুধ বা রক্ত সঞ্চালন এবং গর্ভবতী নারীর সন্তানের মাধমে, মুখ্যত এই চারটি কারনেই এইডস রোগ ছড়ায় বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। দপ্তর আরো জানায়, এই রোগ ছোঁয়াচে নয়, একই পুকুরে স্নান বা একই সাথে খাবার খেলেও এইডস ছড়ায় না। এইডস রোগীদের সামাজিক বয়কট বা হেনস্থা করলে আইনানুগ ব্যবস্থা হিসেবে জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন সি এম ও এইচ অশোক বিশ্বাস। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝুমুর গানের আঙ্গিকে রোগ সম্পর্কে সচেতনতার বার্তা দেন জেলার লোকশিল্পীরা। এদিনই সকালে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জেলা এইডস নিয়ন্ত্রণ ইউনিটের পক্ষে রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে একটি র ্যালি পুরুলিয়া শহর পরিক্রমা করে।
শেয়ার করুন