নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ

গুদাম বন্ধ হয়ে যাওয়ার কারনে কাজ হারিয়ে আতান্তরে পড়েছেন ২৪ জন মুটিয়া মজদুর। আনাড়ার দোসারডিতে অবস্থিত সরকারি খাদ্য দপ্তরের গুদাম ঘর বন্ধ হওয়াতেই তাঁরা কাজ হারিয়েছেন বলে জানান গৌতম বাউরি, অজয় বাউরি। তাঁদের দাবি, গত ২৩ বছর ধরে খাদ্য দফতরের এই গুদামে মুটিয়ার কাজ করে তাঁরা সংসার প্রতিপালন করছেন। কিন্তু বর্তমানে সেই গুদাম বন্ধ হওয়ায় চরম সঙ্কটে পড়েছেন তাঁরা বলে দাবি। জানা গিয়েছে, এক বেসরকারি মালিকানাধীন এই গুদামে সামগ্রী মজুত রাখতে দপ্তর এতদিন ভাড়া নিয়েছিল গুদামটি। সম্প্রতি দপ্তরের নিজস্ব গুদাম তৈরি হয়েছে। ফলে খাদ্য সামগ্রী এখন সরকারের নিজস্ব গুদামেই মজুত করা হচ্ছে। অগত্যা বেসরকারি গুদামের ২৪ জন মুটিয়া কাজ হারিয়ে আতান্তরে পড়েছেন। তাঁরা যাতে পুনরায় কাজ ফিরে পান, সেবিষয়ে ইতিমধ্যেই মুটিয়া-মজদুরদের তরফে জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page