নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ

জেলার কোন স্বাস্থ্যকেন্দ্রই আর ডাক্তারবিহীন থাকবে না। কমপক্ষে একজন করেও চিকিৎসক থাকবেন জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে। গতকালই (বৃহস্পতিবার) জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়েছে। জেলাশাসক এই কমিটির চেয়ারম্যান। সেখানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিস্কার জানিয়ে দিয়েছেন, জেলার প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দিতে হবে। কমপক্ষে যেন একজনও চিকিৎসক থাকেন তার ব্যবস্থা করতে হবে বলেও গতকালের বৈঠকে তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন বলে জানান পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস।

দীর্ঘ সময় ধরে জেলার আড়ষা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অভাবে স্বাস্থ্য পরিষেবা চরম বেহাল। সমস্যার সমাধানে দিন তিনেক আগে, ২৯ নভেম্বর এক চিকিৎসককে সেখানে নিয়োগ দেয় সরকার। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) – ই নব নিযুক্ত চিকিৎসকের অনুপস্থিতিতে পরিস্থিতি পুনর্মুসিকভব। আড়ষা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় প্রায় দেড়শো থেকে দুশো রোগীর চিকিৎসা করছেন কেন্দ্রের ফার্মাসিস্ট। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলা হয় শুক্রবার। ঘটনা শুনে তাঁর প্রথম প্রতিক্রিয়া, “এমনটা তো কোনভাবেই হওয়া উচিত না”। এরপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বৃহস্পতিবারের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের প্রসঙ্গ তুলে জানান, এরপর থেকে জেলার কোন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রই ডাক্তারবিহীন থাকবে না। তিনি আরো বলেন, ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতর পুরুলিয়া জেলায় ৫৩ জন চিকিৎসকের নিয়োগের তালিকা পাঠিয়েছে। যার মধ্যে ৪১ জন ইতিমধ্যেই কাজে যোগও দিয়েছেন। আড়ষার বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন বলেও জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর আরো বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরেট তাঁকে নির্দেশ দিয়েছেন, জেলার যেখানে যেখানে চিকিৎসকরা তাঁদের নিজস্ব নিয়োগের অবস্থান থেকে অন্যত্র নিযুক্ত রয়েছেন, অবিলম্বে তাঁদের পুনরায় নিজস্ব অবস্থানে, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে ফিরিয়ে আনতে হবে। জেলাতে এই সংখ্যাটা গোটা ২০ থেকে ২৫-এর মত বলে মত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের আরো বক্তব্য, অবিলম্বে খোঁজ নিয়ে দেখছি কোথায় ফাঁকা পড়ে রয়েছে। আপতকালীন ভিত্তিতে যেখানে উদ্বৃত্ত ডাক্তার রয়েছে সেখান থেকে তুলে ফাঁকা স্থানে দেওয়া হবে। আর যাঁরা অ্যাপোয়েন্টমেন্টের পরেও জয়েন করেন নি, রাজ্য স্বাস্থ্য দফতরে তদ্বির করে তাঁদের পরিবর্তে নতুন চিকিৎসক নিয়োগের ব্যবস্থা অবিলম্বে করা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

শেয়ার করুন

You cannot copy content of this page