নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ

পুরুলিয়া পৌরসভার অধীনস্ত ৮৪ জন নিরাপত্তা কর্মীকে আজ থেকে বসিয়ে দিল পৌরসভা। সূত্রের খবর, নিবারণ সায়র বা সাহেব বাঁধ ছাড়াও হাতি পার্ক, শিকারা পয়েন্ট ইত্যাদি পৌরসভার বিভিন্ন স্থানে এই ৮৪ জন অস্থায়ী কর্মী গার্ডের কাজে নিযুক্ত ছিলেন। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পুরুলিয়া পৌরসভার তহবিলের সংকট। সাফাই, জল সরবরাহ, লাইট সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলির কর্মীদেরই বেতন সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না। বকেয়া পড়ছে। সেক্ষেত্রে গার্ড বা এই ধরনের কম গুরুত্বপূর্ণ বিভাগের অস্থায়ী কর্মীদের বেতন কিভাবে জোগাড় করা যাবে! বিষয়টির সঙ্গে সহমত পোষণ করেছেন স্বয়ং পৌরপ্রধানও। পৌরপ্রধান নবেন্দু মাহালি এদিন পরিস্কার জানিয়েছেন, পৌরসভার স্থায়ী কর্মী ছাড়া বেতনের অনুমোদন নেই ‘সুডার’। এতদিন পৌরসভার নিজস্ব তহবিল থেকে কোনভাবে এইসব অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হত। তবে ইদানিং তাতেও সংকট দেখা দিয়েছে। ফলে মাঝেমধ্যেই বকেয়া পড়ছে বেতন।

প্রসঙ্গত উল্লেখ্য, পৌরসভা এখনও গার্ডদের কাজ থেকে বসিয়ে দেওয়ার বিষয়ে লিখিত কোন নোটিশ জারি করেনি। তবে সূত্রের খবর, বোর্ড মিটিং-এ পাকাপাকি ভাবে এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সেই কথা জানাজানি হতেই অস্থায়ী গার্ডরা পৌরসভায় গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। অন্যদিকে পৌরপ্রধান সরাসরি জানিয়েছেন, নোটিফিকেশনও জারি হয়ে যাচ্ছে। ৮৪ জন গার্ডের অস্থায়ী কর্মীকে যে কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে তা নবেন্দু মাহালিও জানিয়ে দেন এদিন। একইসঙ্গে তিনি আরো বলেন, আমরা সরেজমিনে গিয়েও দেখেছি, এতজন গার্ডের কাজে নিযুক্ত থাকলেও অধিকাংশ জনই কাজ করেন না। পৌরপ্রধান এদিন জানিয়েছেন, বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে যদি কখনো পৌর কর্তৃপক্ষ মনে করে কোথাও গার্ডের প্রয়োজন, তখন সেখানের বিষয়টি ভাবনা চিন্তা করা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page