নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ১৭ আগষ্ট ২০২১

বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন বাঘমুন্ডির বিধায়ক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা নব নির্বাচিত তৃণমূল মহিলা সভানেত্রী। ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে নিজের গাড়িতে করে পুরুলিয়া থেকে শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাচ্ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। অন্যদিকে ওই একই পথ ধরে অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়া আসার জন্য নামছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের নব নির্বাচিত মহিলা সভানেত্রী নমিতা সিং মূঢ়া। জানা গিয়েছে, শিরকাবাদের সন্নিকটেই পাহাড়ের রাস্তায় একটি “এস” আকৃতির ব্লাইন্ড টার্নিং-এ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে মুখোমুখি জোর আঘাতের কারনে গাড়ি দুটিরই সামনের অংশে বিশেষ ক্ষতি হলেও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন। কারোরই কোন চোট আঘাত তেমন লাগেনি বলে উভয়েরই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী বিধায়ক সুশান্ত মাহাত এবং তৃণমূল মহিলা সভানেত্রী নমিতা সিং মূঢ়া উভয়েই সুস্থ ও সুরক্ষিত রয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page