নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ মে ২০২২ঃ
বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক জনের আহত দশ জন। বুধবার কাক ভোরে ঘটনাটি ঘটে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কের নপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল পুঞ্চার বাগদার হাতিহাড় গ্রামের বাসিন্দা নব সর্দার এর ছেলের বিয়ের বরযাত্রী গিয়েছিলেন পুরুলিয়ার হাতোয়াড়া গ্রামে। এদিন কাক ভোরে বিয়ে অনুষ্ঠান সেরে বোলেরো গাড়ি চড়ে আত্মীয়রা পুঞ্চা থানার বাগদা সংলগ্ন হাতিহাড় গ্রামে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নপাড়া গ্রামের রাস্তার ধারে থাকা একটি গাছে যাত্রী বোঝাই বুলেরো গাড়িটি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে যখম হন গাড়িতে সওআর যাত্রীরা। স্থানীয় বাসিন্দা ও পুঞ্চা থানার পুলিশ উদ্ধারকাজ চালিয়ে আহতদেরকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেখানে 11 বছর বয়সি পল্লবী সর্দারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে বাকি দশ জনের চিকিৎসা চলাকালীন তাদের মধ্যে তিনজনের অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জেলা বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে। গোটা ঘটনায় পুঞ্চা থানার পুলিশ তদন্তে নেমেছে।

