নিজস্ব সংবাদদাতা , বরাবাজার
১৪ সেপ্টেম্বর , ২০২০

জেলায় বাংলার যুব শক্তির কাজ খতিয়ে দেখতে রবিবার থেকে তিনদিনের পুরুলিয়া সফরে এসেছেন এই কর্মসূচির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সোহম চক্রবর্তী। রবিবার নিতুড়িয়ার পঞ্কোট মহাবিদ্যালয়ে রঘুনাথপুর, কাশীপুর ও পাড়া বিধানসভার এই কর্মসূচির ফিল্ড ইউনিট মেম্বারদের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন সোহম।

সোমবার, সফরের দ্বিতীয় দিনে বরাবাজারের এটিএম গ্রাউন্ডে যুব শক্তি কর্মসূচির পর্যালোচনা করতে মানবাজার, বান্দোয়ান ও পুরুলিয়ার ফিল্ড ইউনিট মেম্বারদের সঙ্গে সকাল ১১টা থেকে বৈঠকে বসেন রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি। বিকেল ৪.৩০ নাগাদ বৈঠক শেষ হয় এদিন। সেসময় এটিএম গ্রাউন্ডে ক্রিকেট খেলছিল স্থানীয় স্কুল পড়ুয়া ও যুবকরা। সোহম চক্রবর্তীও নেমে পড়েন তাদের সঙ্গে ক্রিকেট খেলতে। ঘটনায় রীতিমত ভিড় জমে যায় মাঠের চারপাশে। স্থানীয়রা জানাচ্ছেন এক ওভার বল করেছেন সোহম। আর দু ওভারের মত ব্যাট করেছেন। বেশ কয়েকটি বল সজোরে পাঠিয়েছেন মাঠের বাইরে, বলছেন তাঁরা। কিপিং করেন জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত। সোহমের ক্রিকেট খেলার ছবি তুলতেও নাকি মোবাইল হাতে ভিড় জমিয়েছিলেন এলাকার বহু মানুষ।

মঙ্গলবার সিরকাবাদে বাংলার যুব শক্তি কর্মসূচির পর্যালোচনা বৈঠকে সোহম চক্রবর্তী বসবেন বলরামপুর, বাঘমুন্ডি ও জয়পুর বিধানসভার ফিল্ড ইউনিট মেম্বারদের সঙ্গে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত। তিনি বলেন, মেম্বারদের পারফরম্যান্স পর্যালোচনা করার পাশাপাশি যাদের পারফরম্যান্স একটু দুর্বল, তাঁদের ধমকও দিচ্ছেন রাজ্য নেতৃত্ব।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page