নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১ আগস্ট, ২০২১

হাইকোর্টের নির্দেশে অবশেষে প্রায় এক বছর পর পুলিশি নিরাপত্তায় রবিবার বাড়ি ফিরলেন কাশীপুরের মেহি গ্রামের আদিবাসী দম্পতি। রবিবার বিকেলে কাশীপুর থানার পুলিস এবং আইনজীবীর উপস্থিতিতে বাড়ি ফেরেন ওই  বৃদ্ধ দম্পতি। আদালতের নির্দেশ অনুসারে সাত দিন তাদের বাড়ির সামনে পুলিসের নিরাপত্তা থাকবে বলে জানা গিয়েছে।


কাশীপুর থানার মেহি গ্রামের বাসিন্দা মাকু হেমব্রম এবং তার স্বামী বড়কারাম হেমব্রম। তাদের আইনজীবী সৌগত মিত্র জানান, ওই দম্পতি নিজেরা জমি কিনে পাকা বাড়িতে থাকতেন। জমির মালিকানা সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাদের রয়েছে। এমনকি তাদের নামের জমির রেকর্ড রয়েছে। তার পরেও প্রতিবেশীরা ২০২০ সালে অক্টোবর মাস নাগাদ বাড়ি থেকে তাদের কার্যত জোর করে উচ্ছেদ করে দেয় বলে অভিযোগ। বিষয়টি কাশীপুর থানায় এবং পুলিস সুপারকে জানানোর পরেও তেমন কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন ওই দম্পতি। সম্প্রতি হাইকোর্টের বিচারক নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে তাঁদের বাড়ি ফেরাতে হবে। কাশীপুর থানার পুলিস তাদের বাড়ি ফেরার নিরাপত্তা সুনিশ্চিত করবেন। সাত দিন বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা করবেন। চারদিন পেরিয়ে যাবার পর মামলাকারীর নিরাপত্তার প্রয়োজন হলে পুলিসের সেই খরচ মামলাকারীকে বহন করতে হবে। রবিবার দুপুরে পুলিসের উপস্থিতিতে নিজেদের বাড়িতে ফিরে আসেন ওই দম্পতি। দীর্ঘদিন পর বাড়ি ফিরতে পেরে খুশি আদিবাসী ওই দম্পতি।

শেয়ার করুন

You cannot copy content of this page