নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ নভেম্বর ২০২১ঃ
আজ পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় এস ইউ সি আই (সি) – র যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও-র পঞ্চম পুরুলিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন সম্মেলনের প্রাক্কালে শহরের জুবিলি ময়দান থেকে ধর্মশালা পর্যন্ত একটি মিছিল শহর পরিক্রমা করে। ধর্মশালায় শহীদ বেদীতে মাল্যদান এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের কাজ শুরু হয়। সংগঠনের জেলা ইনচার্জ সোমনাথ কৈবর্ত শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন । তারপর অল ইন্ডিয়া ডিএসও-র পুরুলিয়া জেলার সম্পাদক বিকাশ রঞ্জন কুমার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কোষাধক্ষ্য সুকান্ত শিকদার এবং এসইউসিআই কমিউনিস্ট দলের পুরুলিয়া জেলা সম্পাদক অসিত ভট্টাচার্য্য। সম্মেলনের প্রধান বক্তা সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল দেশের ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভয়াবহ বেকারি ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এবং ঢালাও মদের প্রচারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এদিনের সম্মেলন থেকে সন্তোষ গঁরাইকে জেলা সভাপতি ও স্বদেশ প্রিয় মাহাতোকে জেলা সম্পাদক করে ১১ জনের সম্পাদকমন্ডলী সহ ২৮ জনের জেলা কমিটি নির্বাচিত হয়।





