নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ মে ২০২২:

প্রসূতির রক্তের সঙ্কট মিটিয়ে জীবন বাঁচাতে উদ্যোগী হলেন স্বাস্থ্যকেন্দ্রের এএনএম। নিজে পুরুলিয়া মেডিক্যাল কলেজে এসে গ্রামের এক প্রসূতির জন্য রক্ত দিলেন লাগদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এনএনএম তাপসী রায়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, লাগদা গ্রামের বাসিন্দা প্রসূতি ফুলমনি বাউরি। সম্প্রতি তাঁকে তিন ইউনিট রক্ত জোগাড় করে দেওয়া হয়েছিল। শনিবার ফের তার রক্তের সঙ্কট হওয়ায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এক ইউনিট রক্ত তাঁকে দেওয়ার পরেও আরও রক্তের প্রয়োজন হয়। পরিবারের লোকেরা হাজার চেষ্টা করেও আর ‘ও পজিটিভি’ রক্ত জোগাড় করতে পারেননি। এবিষয়ে লাগদা স্বাস্থ্য কেন্দ্রের এএনএম তাপসী রায় বলেন, ওই গর্ভবতী মহিলা হাসপাতালে ভর্তির খবর ছিলই। এদিন সকালে ওদের পরিবারের লোককে ফোন করেছিলাম স্বাস্থ্যের খোঁজ নিতে। তখনই তাঁরা জানায়, এক ইউনিট রক্ত প্রয়োজন। কিন্তু রক্ত তাঁরা জোগাড় করতে পারছেন না। রক্ত জোগাড় করতে না পারলে রোগীর জীবন বিপন্ন। আমার নিজেরও ও পজিটিভ রক্ত হওয়ায় সাথে সাথে মেডিক্যাল কলেজ চলে আসি। নিজেই রক্ত দিয়েছি। তিনি আরও বলেন, লাগদা গ্রামেই আমি কাজ করি। সেখানে কারও জীবন বাঁচাতে পেরে নিজেরও ভালো লাগছে।

শেয়ার করুন

You cannot copy content of this page