নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৫ জুন, ২০২১
তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া শহর সভাপতিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপির পুরুলিয়া শহর(দক্ষিণ) মন্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিস। ধৃতদের মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত,গত ৮ জুন রাতে পুরুলিয়া শহরের একটি পেট্রোল পাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া শহর সভাপতি বিভাস রঞ্জন দাসের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিভাসবাবুর মাথায় গুরুতর চোট পান। প্রথমে পুরুলিয়া মেডিক্যাল কলেজে এবং পরে তাঁকে ঝাড়খন্ডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায় পুরুলিয়ার বিজেপি বিধায়ক, বিধায়কের ভাই সহ শহরের একাধিক বিজেপি নেতার নামে সদর থানায় অভিযোগ করে তৃণমূল। ঘটনার দিনই বিজেপি বিধায়কের ভাই প্রদীপ মুখোপাধ্যায় সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিস। বাকি অভিযুক্তরা পলাতক ছিল। পুলিস সূত্রে আরও জানাগিয়েছে, সোমবার রাতে ঝাড়খন্ডের রাঁচী থেকে বিজেপির শহর মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী,ওই মন্ডলেরই সাধারণ সম্পাদক জয়দীপ্ত চট্টরাজ সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের মঙ্গলবারই পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দেয়।
এবিষয়ে বিজেপির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, আইন আইনের পথে চলবে। কেউ দোষী হলে অবশ্যই শাস্তি পাবে।
