নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৫ আগষ্ট ২০২১

পুরুলিয়া জেলার পুরুলিয়া-১ নম্বর ব্লকের অন্তর্গত শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে পালিত হল 75 তম স্বাধীনতা দিবস, বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠান এবং সেই সঙ্গে যার নামে নামাঙ্কিত এই প্রতিষ্ঠান সেই মহান বিপ্লবী দার্শনিক ও কবি শ্রী অরবিন্দ ঘোষের জন্মদিন। এই বিদ্যালয়ের জন্মলগ্নে ষাটের দশক থেকে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন এবং সুবর্ণজয়ন্তী থেকে বিদ্যালয় শতবর্ষে শিক্ষার আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাবে- এই প্রত্যাশা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস গুহ নিয়োগী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ামক ডক্টর সুবল চন্দ্র দে মহাশয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ যেমন বাংলার সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তেমনি জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস, প্রফুল্ল চন্দ্র রায় প্রভৃতি স্বনামধন্য বিজ্ঞানীরা বাংলায় বিজ্ঞানচেতনা উন্মেষ ঘটিয়েছিলেন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে বিকশিত করার কাজে-এমন ই আহ্বান জানান ডক্টর সুবল চন্দ্র দে। কোরোনা অতিমারির এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিদ্যালয় এর পক্ষ থেকে এলাকার সাময়িকভাবে পরিস্থিতির শিকার ও সহায়সম্বলহীন মানুষের হাতের বেশ কয়েকবার খাদ্য সামগ্রী যেমন তুলে দেওয়া হয়েছে, তেমনি আজকে এই মহতী অনুষ্ঠানে উদ্বোধিত হলো একটি অক্সিজেন ক্লাব। এই অক্সিজেন ক্লাবটি উদ্বোধন করেন টামনা থানার পুলিশ আধিকারিক মাননীয় বিকাশ চন্দ্র পাত্র মহাশয় এবং কোরোনার আগামী তৃতীয় ঢেউয়ে আক্রান্ত ছাত্র-ছাত্রী বা এলাকার মানুষের প্রয়োজনে অক্সিজেন কন্সেন্ট্রেটর নিয়ে এই বিদ্যালয়ে তৈরি হলো এই অক্সিজেন ক্লাব। অক্সিজেন কনসেনট্রেটর ও ঔষধ সরবরাহ করে এই ক্লাবটি তৈরীর কাজে সম্পূর্ণ সহযোগিতা করেছেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন নামক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ, পাড়া পুরুলিয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠানে টুসু গানের সুরে বিদ্যালয়ের 50 বছরের এই মুহূর্তকে স্মরণ করে গান রচনা করেন ও সেই গানের সুর দিয়ে পরিবেশন করেন বিশিষ্ট ঝুমুর শিল্পী অনিমেষ দাস এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী বিশ্বজিৎ সরকার।নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের প্রশংসা অর্জন করে শিঞ্জন নৃত্য সংস্থার ছাত্রীরা। অতিমারির সমস্ত বিধি মেনে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page