নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৮ সেপ্টেম্বর , ২০২০
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পুরুলিয়া জেলা কমিটির সদস্যরা মঙ্গলবার দশ হাজার টাকা মাসিক ভাতার দাবি সহ একগুচ্ছ দাবি সম্বলিত দাবিসনদ দিলেন পুরুলিয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। এদিন দুপুর ১২ টা নাগাদ সংগঠনের আশা কর্মীরা শহরের রাঁচি রোডের সি এম ও এইচ দপ্তরের সামনে জমায়েত হয়ে তাঁদের দাবিগুলির উল্লেখ করে প্রথমে স্লোগান সহ বিক্ষোভ দেখান। পরে দাবিসনদ পেশ করা হয় বলে জানিয়েছেন সদস্যরা।
কমিটির পক্ষে এদিন আশা কর্মীদের মাসিক ভাতা দশ হাজার টাকা করার দাবি জানান। এছাড়াও তাদের অভিযোগ, কোভিড-১৯ পরিস্থিতিতে তাঁরা অনেক বেশি চাপ ও ঝুঁকি নিয়ে কাজ করছেন। কিন্ত জেলার আশা কর্মীরা কেন্দ্রীয় সরকারের ঘোষিত কোভিড কালীন বরাদ্দ মাসিক ১ হাজার টাকার ভাতা পাচ্ছেন না। এমন কি গত ২১ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী যে অতিরিক্ত ১ হাজার টাকা ভাতার ঘোষণা করেছেন, তা-ও তাঁরা পাচ্ছেন না বলে দাবি আশা কর্মীদের। একই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আশা কর্মীদের করোনা মোকাবিলায় কোন সুরক্ষা সরঞ্জামও দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে এই অতিমারি পরিস্থিতিতে করোনা সংক্রান্ত চিকিৎসার কাজে গিয়ে আশা কর্মীরা সংক্রমণের শিকার হচ্ছেন বলে কমিটির জেলা শাখার পক্ষে জানিয়েছেন সদস্যরা।
শেয়ার করুন