নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৬ মার্চ ২০২২ঃ

প্রত‍্যন্ত গ্রামাঞ্চলের আদিবাসী মায়েদের জীবন যাত্রার মানোন্নয়নের জন‍্য ‘ নানৃতম ‘ – এর আর্থিক সহযোগিতায় এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের ব‍্যবস্থাপনায় কেল‍্যারডি কমিউনিটি হলে ১৬ দিন ব‍্যাপী বাবুই ঘাসের জিনিস তৈরির প্রশিক্ষণ শিবির শুরু হল। প্রদীপ প্রজ্জ্বলন করে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানবাজার মহকুমার মহকুমা শাসক সম্মাননীয় শ্রী শুভিৎ বসু। তিনি তার বক্তব‍্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে এই ধরণের পদক্ষেপকে সাধুবাদ জানান এবং সরকারী ও বেসরকারী ভাবে মূলত: শবর জনজাতির উৎপাদিত হস্ত শিল্পগুলিকে বাজারজাত করার সুনির্দিষ্ট উদ‍্যোগ গ্রহণ করার জন‍্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দীপঙ্কর সরকার তার বক্তব‍্যে বিকল্প জীবিকার প্রসারের মাধ‍্যমে আদিবাসী অধ‍্যুষিত গ্রামগুলিতে সামগ্রিক উন্নয়নের জন‍্য হস্ত শিল্পের কারযকরী ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র জানান যে, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে বিকল্প আয়ের দিশা পেতে ষোল দিন ধরে ৪০ জন মহিলা এই শিবিরে হাতের কাজ শিখবেন এবং তাদের উৎপাদিত সামগ্রী পুরুলিয়া ও কলকাতায় বিক্রয়ের ব‍্যবস্থা করা হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার – ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা আধিকারিক শ্রী চন্দন পাত্র, শ্রী সমীর দত্ত, শ্রী জয়ন্ত দত্ত, শ্রী জয়ন্ত মন্ডল প্রমূখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

শেয়ার করুন

You cannot copy content of this page