নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১ জানুয়ারি ২০২২ঃ

বিগত বেশ কয়েক বছর ধরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যটন মরশুমে রাজ্যের পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থল। যার ফলে মরশুমের বিশেষ বিশেষ দিনগুলিতে (যেমন ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ইত্যাদি) বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ে লক্ষাধিক পর্যটকের ভিড় হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। রাজ্য ও ভিন রাজ্য থেকে বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমিয়েছিলেন।

এদিকে বিগত মাসখানেক যাবৎ করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ-এর ব্যপক প্রকোপ দেখা দিয়েছে রাজ্যজুড়ে। তাই সংক্রমণ আটকাতে এবং পর্যটকদের ও বাঘমুন্ডি তথা জেলার মানুষের সুস্বাস্থের কথা মাথায় রেখে এদিন সকাল থেকে পাহাড়ের মূল পর্যটন স্থলগুলি ঘুরে ঘুরে পর্যটকদের মাস্ক বিতরণ করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। একইসঙ্গে এদিন সিরকাবাদ থেকে লোয়ার ড্যাম পর্যন্ত স্থানে স্থানে পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধারও বিস্তারিত খোঁজ খবর নেন তিনি।

এভাবেই এদিন সকালের দিকে সিরকাবাদ থেকে পাহাড়ে ওঠার রাস্তার মাঝখানে একটি পর্যটকদের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে বিধায়ক সুশান্ত মাহাত খোঁজ নিয়ে জানতে পারেন ওই গাড়ি মাঝ রাস্তায় বিকল হয়ে গিয়েছে। ফলে হুগলির আরামবাগ থেকে ঘুরতে আসা ওই গাড়ির পর্যটকরা পাহাড়ে উঠতে না পেরে রাস্তাতেই অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন বলে তাঁদের কাছেই জানতে পারেন বিধায়ক সুশান্ত মাহাত। সঙ্গে সঙ্গেই তিনি মেকানিক ডাকার ব্যবস্থা করেন। নিজের উপস্থিতিতে গাড়ি মেরামতিরও ব্যবস্থা করে দেন। আরামবাগ থেকে আগত ওই গাড়ির পর্যটকদের মধ্যে রেখা চক্রবর্তী বিধায়কের সহায়তা পেয়ে তাঁকে “বিপদ তারণ” বলে সম্বোধন করে কৃতজ্ঞতা জানান। এমনকি পর্যটকরা এও বলেন, ওনার বদান্যতাতেই আজ তাঁরা অযোধ্যা পাহাড় ঘুরে যথা সময়ে বাড়ি ফিরতে পারবেন।

শেয়ার করুন

You cannot copy content of this page